আল্টিমেটাম শেষে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে সন্ধ্যা ৭টা থেকে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীরা সমবেত হতে থাকেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে প্রক্টরীয় বডির সদস্যদের সামনেই ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের বাধা দেয় এবং হামলা চালায় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় এ ব্যাপারে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
এ প্রসঙ্গে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবীরের মোবাইল ফোনে কল করলেও তিনি কল ধরেননি।