মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) নামের আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন।

তাদেরকে হাসপাতালে নেওয়া মামুন ও সজিব জানান, শুক্রবার রাতে মিরপুর-১৩ নম্বরের ই ব্লকের ওপেক্স গার্মেন্টের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত এলোপাথাড়ি গুলি করে। এতে ইউসুফের বুকের ডান পাশে, নালামের মাথায় ও মনিরের ডান পায়ে গুলি লাগে।

তারা জানান, স্থানীয় জনতা দুর্বৃত্তদের মধ্যে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তবে তার নাম-পরিচয় জানার আগেই আহতদের নিয়ে তারা হাসপাতালে চলে আসেন।

মামুন জানান, নিহত ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী এবং মনির ফুটপাতের কাপড় ব্যবসায়ী ও নালাম সবজি ব্যবসায়ী। মৃত ইউসুফের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার শাকরাল গ্রামে। তার বাবার নাম শাহজাহান আলী।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও যুবদল কর্মী সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু এই এলাকা থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা প্রতিদিন তার বাসার কাছেই বসি। আজও বাবু ভাইয়ের বাসার নিচে আমরা কয়েকজন বসে কথা বলছিলাম। এমন সময় লক্ষ্য করলাম, অপরিচিত কয়েকজন আমাদের আশপাশে ঘোরাঘুরি করছে।’

তিনি বলেন, ‘তাদের দেখে সন্দেহ হওয়ায় কথা বলার জন্য আমরা কয়েকজন এগিয়ে যাই। আমাদের এগিয়ে যেতে দেখেই তারা এলোপাথাড়ি গুলি শুরু করে। এ সময় আমাদেরই একজন কর্মী ইউসুফ গুলিবিদ্ধ হন।’

তিনি আরও বলেন, ‘এরপর তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির ও সবজি ব্যবসায়ী নালাম গুলিবিদ্ধ হন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়েছে।

তিনি জানান, আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে এবং তাদের চিকিৎসা চলছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ইউসুফ নামে একজন মারা গেছেন এবং দুইজন চিকিৎসাধীন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মাসনুন আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়রাই তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।’