ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহবাগের সমাবেশে পুলিশের ‘লাঠিচার্জ’

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গতকাল কাওয়ালি গানের আসরে হামলা করে ছাত্রলীগ। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার শাহবাগে সমাবেশের আয়োজন করা হলে সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।

পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন নামের সংগঠন এ সমাবেশের আয়োজন করেছিল এবং সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে বলে জানান সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক শিমুল চৌধুরী।

তার দাবি, পুলিশের হামলায় সংগঠনের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

পুলিশের লাঠিচার্জের বিষয়ে শিমুল চৌধুরী বলেন, 'ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাতে আজ আমরা শাহবাগে প্রতিবাদ সমাবেশ করতে গেলে পুলিশ আমাদের সমাবেশ করতে বাধা দেয়। লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে আমাদের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।'

লাঠিচার্জের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোভিড পরিস্থিতিতে সমাবেশ না করার জন্য আয়োজকদের অনুরোধ জানানো হয়। লাঠিচার্জের অভিযোগটি সত্য নয়।'

হামলার প্রতিবাদ জানিয়ে এর আগে বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় টিএসসিতে আবারও কাওয়ালি গানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সিলসিলা।