কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ নেতার হুমকিতে হল প্রাধ্যক্ষ ও ৪ আবাসিক শিক্ষকের পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

বিজয় দিবসে বিশেষ খাবারের আয়োজনের সমস্ত টাকা দাবি করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব। তাদের সেই টাকা না দেওয়ায় ছাত্রলীগের হুমকি-ধমকিতে অপমানিত বোধ করায় পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাপা হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) ও ৪ আবাসিক শিক্ষক (হাউজ টিউটর)।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা পৃথক পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন ওই শিক্ষকরা। 

জানা গেছে, ১৪ ডিসেম্বর বিকেলে এ ঘটনাটি ঘটে। এরপর ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও হাউজ টিউটরদের কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

দোলনচাপা হল প্রভোস্ট সিরাজুম মুনিরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বিজয় দিবসের ৫০তম বর্ষপূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ছাত্রীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করে দোলনচাপা হল কর্তৃপক্ষ। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব সমস্ত টাকা তার হাতে তুলে দেওয়ার জন্য নানা রকম হুমকি-ধমকি দেয়।

এতে অপমানিত বোধ করায় প্রভোস্ট সিরাজাম মনিরাসহ ৪ জন হাউজ টিউটর হলেন, আরিফ আহমেদ, আফরুজা ইসলাম লিপি, রাশেদুর রহমান ও ফারজানা খানম পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর দ্য ডেইলি স্টারকে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

প্রভোস্ট সিরাজাম মনিরা বলেন, 'ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান আমাদের কাছে আসলে আমরা ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলি। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব দোলন চাপা হলের খাবারের জন্য বরাদ্দ পুরো টাকা তার হাতে তুলে দিতে বলে।' 

সিরাজাম মনিরা আরও বলেন, 'ছাত্রলীগ সেক্রেটারি বলেছে, তার কথামতো না চললে কেউ বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। সে যাকে প্রভোস্ট চাইব সেই প্রভোস্ট হবে।' আরও বলেছে, 'আমাকে আর মেনে নিতে পারছে না।'

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রত্যাখান করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'টাকা চাওয়ার এবং দুর্ব্যবহার করার কোনো প্রশ্নই উঠে না। শিক্ষার্থীদের অনুরোধে আমরা শুধু দুটি হলের খাবারের আয়োজন একসঙ্গে করতে চেয়েছিলাম।'