জালিয়াতি করে জাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকার দিতে যাওয়া এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে মোস্তফা কামাল উৎস (১৯) নামের ওই শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা একটি সূত্রের মাধ্যমে ওই শিক্ষার্থীর খোঁজ পাই। পরে ডিনের সম্মতিতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে তাকে কৌশলে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৪ লাখ টাকার বিনিময়ে জালিয়াতি করে চান্স পাওয়ার বিষয়টি স্বীকার করেন।'
এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান প্রক্টর।