ঢাবি অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তারের প্রতিবাদ সাদা দলের

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সমর্থক শিক্ষকরা।

আজ শুক্রবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ড. তাসমেরী ইসলাম এক জন রসায়নবিদ হিসেবে কেবল দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমানভাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের একাধিক মেয়াদে নির্বাচিত ডিন, রোকেয়া হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি এবং সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবেও সাফল্যের সাথে দায়িত্বপালন করেছেন।

শিক্ষকরা বলেন, এমন একজন কৃতি শিক্ষাবিদকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় উত্তরার পশ্চিম থানায় দায়ের করা মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনাকে আমরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মনে করি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন নারী ও জেষ্ঠ্য নাগরিক। মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার কারাগারে পাঠানোর ঘটনাকে আমরা মানবাধিকারের পরিপন্থী বলেও মনে করি।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে অধ্যাপক তাজমেরী ইসলামের নিঃশর্ত মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।