প্রশাসন পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি: জাবি ট্রেজারার
আগামী ১ সপ্তাহের জন্য সশরীরে পরীক্ষা স্থগিত করার বিষয়ে প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার।
আজ শনিবার দুপুরে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেইনি। সম্প্রতি অনুষ্ঠিত এক সভাতেও এ ব্যাপারে কোনো আলোচনা হয় নি।'
এর আগে ২টি অনলাইন পোর্টালে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের কথা জানান। এতে করে শিক্ষার্থীদের ভেতর এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. মহিউদ্দীন বলেন, 'রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বিশ্বিবদ্যালয় প্রশাসন নেয়নি।'
এ বিষয়ে কথা বলার জন্য উপ-উপাচার্য নুরুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।