রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধনে প্রশাসনপন্থী শিক্ষার্থীদের হামলার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রশাসনপন্থী শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে।
গণমাধ্যমে প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের পর আজ মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের মুখপাত্র রবীন্দ্র স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবু জাফর দ্য ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে আজ দুপুরে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করার উদ্যোগ নেন। এ সময় প্রশাসনের পক্ষের কিছু শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে।'
তিনি বলেন, 'এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। হামলার পর সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে আন্দোলন পণ্ড হয়ে যায়।'
তিনি দাবি করে বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনেই এই হামলার ঘটনা ঘটেছে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের কোনো কাজের ইন্ধন দেয়নি।'
তিনি দাবি করেন, প্রশাসন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং ক্লাস, পরীক্ষা শুরু করার জন্য কাজ করে যাচ্ছে। এমন সময় আকস্মিকভাবে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনের নামে আবারো বিশ্ববিদ্যালয়য়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছেন। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো হাত নেই।
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোনো অনিয়ম দুর্নীতি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মঞ্জুরি কমিশন এবং সরকারের বিভিন্ন সংস্থা আছে সেগুলো দেখার জন্য।'
এর আগে ১৪ জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়াকে কেন্দ্র করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আন্দোলন সংগ্রামে অশান্ত হয়ে উঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে গত মাস থেকে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।'