রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে হল
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় সশরীরে ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন। এর এক দিনের মাথায়ই সরকারি নির্দেশনার প্রেক্ষিতে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশরীরে ক্লাস বন্ধ হলেও আবাসিক হলগুলো খোলা থাকছে। বিভাগগুলো চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পরীক্ষা কার্যক্রমের বিষয়টি স্ব স্ব বিভাগ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জরুরি কার্যক্রম ছুটির দিন ছাড়া ৯টা থেকে ২টা পর্যন্ত চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়াও দাপ্তরিক প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যাম্পাসে কোনো সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ও বুধবার রাবিতে পিসিআর ল্যাব টেস্টের জন্য ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯টি ফলাফলই পজেটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৭ দশমিক ৩৫ শতাংশ।