রোকেয়া হলের শিক্ষার্থীকে মধ্যরাত পর্যন্ত ‘র‌্যাগিং’য়ের অভিযোগ

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে তৃতীয় বর্ষের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন প্রথম বর্ষের এক আবাসিক শিক্ষার্থী।

লিখিত অভিযোগে তিনি জানান, গতকাল মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত তৃতীয় বর্ষের ৫ শিক্ষার্থী তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন-নাসরিন জাহান খুশি, জুলি মারমা, রিনাকী চাকমা, জান্নাত নিপো, পূজা দাস।

লিখিত অভিযোগে তিনি বলেন, '৩ ঘণ্টা ধরে ইচ্ছার বিরুদ্ধে তারা আমাদের বাজে একটা গানে নাচতে বাধ্য করেন। কোনও উপায় না পেয়ে তাদের কথা মানতে বাধ্য হই৷ রাত ১টা পর্যন্ত আমার ওপর নির্যাতন চলে।'

সে সময় তাদের বিভিন্নরকম হুমকি ধামকিও দেওয়া হয় বলে জানান তিনি।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, 'গত ২৫ গত অক্টোবর আমি আমার মায়ের পর বাবাকে হারাই। সেই ট্রমাটাই আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। আমার সেমিস্টার ফাইনাল চলছে। এ অবস্থায় এ ধরনের অমানবিক নিপীড়নের শিকার হয়ে আমি নিরাপত্তা শঙ্কায় ভুগছি।'

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাটি লিখিতভাবে হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি৷ হল প্রভোস্ট আমার রুম পরিবর্তন করে দিয়েছেন৷ অভিযুক্তদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।'

অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি৷ বিষয়টি হল কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলা হয়েছে৷ দোষী সাব্যস্ত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷'

এই বিষয়ে জানতে অভিযুক্তদের এক জনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।