উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আরও তিন জন আহত হয়েছেন।

বজ্রপাতে নিহত দুজন হলেন, ৮ নম্বর শিবিরের মো. হারেস ও ২ নম্বর শিবিরের পশ্চিম ডি ব্লকের নাজমুল হাসান। তারা দুজন সম্পর্কে ভায়রাভাই। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে ওই দুজন মারা গেছেন বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় আহতরা হলেন, ১৭ নম্বর শিবিরের মো. হাকিমের ছেলে মো.সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার ভোর রাত দুইটার দিকে উখিয়ার ১৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শিবিরের এইচ/১০৪ উপ-ব্লকে মোহাম্মদ সালামের বসতঘরে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

ওই শিবিরের মাঝি জাফর আলম বলেন, 'সালামের দুই মেয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে বজ্রপাতে দুই মেয়ের স্বামী ঘটনাস্থলেই মারা যান।'

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক(পুলিশ সুপার) নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু ও তিন জন আহত হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।'