ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে ৩১৬ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৩৯৬ জন।