যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা ‘আওয়ামী সন্ত্রাস’: জাহেদ উর রহমান

স্টার অনলাইন রিপোর্ট

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনাকে সরকার ‘আওয়ামী সন্ত্রাস’ হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কয়েকটি ঘটনার উদাহরণ টেনে উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়, (জুলাই) আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে দেখছে।’

জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়াটাই হেনস্তার চেষ্টার কারণ বলে মনে করা হচ্ছে। ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। তিনি নিজেও দেশে বসে সেই সমালোচনা করেছেন। কিন্তু এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয়।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে হেনস্তার শিকার অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, তাতে ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে।

এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রত্যেক গণমাধ্যমের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কোনো ঘটনা ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। তবে কেউ আইনি সীমা লঙ্ঘন করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনগত ব্যবস্থা নিতে পারেন। অপসাংবাদিকতা মোকাবিলায় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য প্রেস কাউন্সিলের আইন পরিবর্তনসহ প্রয়োজনীয় কাজ এগিয়ে চলছে।