গাইবান্ধায় বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্রের পানি, বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পানিতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে শুরু করেছে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রক্ষ্মপুত্র নদের পানি বিপৎসীমার ১৯.৮২ অতক্রম করে ১৯.৮৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অর্থাৎ আজ শনিবার দুপুরে এই নদের পানি বিপৎসীমার এক সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমা অতিক্রম করলেও এবার ভয়াবহ বন্যার কোনো আশঙ্কা নেই। আগামী মাসের (সেপ্টেম্বরের) ৩-৪ তারিখ থেকে বন্যার পানি কমতে শুরু করবে।'

অন্যদিকে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থির আরও অবনতি হয়েছে। গত বৃহস্পতিবার এই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ দুপুর ১২টায় যমুনা নদীর পানি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরা পাড়া পয়েন্টে বিপৎসীমার ২৪ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেছে পানি উন্নয়ন বোর্ড, বগুড়া।

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল, ফসলের খেত প্লাবিত হচ্ছে। হাজার হাজার মানুষ ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে এবং বিশুদ্ধ খাবার পানির সংকট তৈরি হয়েছে।

সারিয়াকান্দি উপজেলার হাটবারি চরের শাপলা খাতুন (২৬) বলেন, 'গত দুই দিনে আশপাশের কয়েকটি চরের বাড়ি-ঘরে পানি উঠেছে। আজ রাতে হয়তো আমাদের চরেও পানি উঠবে। অনেক মানুষ এখন পানিবন্দী। বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। আমাদের ফসলের সব খেত গত দুই দিন ধরে পানির নিচে আছে।'