টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনাসহ সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ উপচে পানি প্রবেশ করায় নদী তীরবর্তী সদর উপজেলা, কালিহাতী, নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ধান ও সবজি খেতসহ অন্যান্য ফসলের মাঠ।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,  জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার প্রধান নদী যমুনার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, জেলায় যমুনার প্রধান শাখা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি যথাক্রমে চার সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার যথাক্রমে ২৩ সেন্টিমিটার ও ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

untitled_design_33.jpg
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন বন্যা কবলিত নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দারা। ছবি: স্টার

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং এতে জেলার আরও কিছু নতুন এলাকা প্লাবিত হবে।'

এদিকে, পানিবন্দী হয়ে পড়েছেন বন্যা কবলিত নদী তীরবর্তী নিচু এলাকাগুলোর মানুষ। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এসব এলাকায় গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদিও এখনো পরিস্থিতি অতটা হুমকিদায়ক নয়, তারপরও আমরা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছি। পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'