দৌলতদিয়ায় পদ্মার পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

স্টার অনলাইন রিপোর্ট

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের পানি পরিমাপক (গেজ রিডার) মিঠুন হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

পদ্মার পানি বেড়ে যাওয়ায় সদর ও গোয়ালন্দ উপজেলার কয়েক ইউনিয়ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের আকবার মোল্লা ডেইলি স্টারকে বলেন, গত কয়েক দিনে আমরা পানিবন্দি অবস্থায় আছি। আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। রান্না করতে পারছি না, খাওয়া-দাওয়ার কোনো ঠিক-ঠিকানা নাই।

rajbari_flood1_22aug21.jpg
রাজবাড়ীর চর ছিলিমপুর এলাকায় পানি বন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। ছবি: নেহাল আহমেদ

উপজেলার মিজানপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল মালেক বলেন, করোনার মধ্যে আরেক বিপদ এসে হাজির। আমরা পানি বন্দি হয়ে আছি। এখন পর্যন্ত চেয়ারম্যান-মেম্বার আমাদের খোঁজ নিতে আসেনি।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা সালমা বেগম বলেন, আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। সব সময় ভয়ে থাকতে হয় কখন ছোট বাচ্চা পানিতে পড়ে যায়। খাবার পানির সংকট দেখা দিয়েছে। আমাদের ফসল নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, আমাদের কাছে এখনো নির্দিষ্ট তালিকা নেই। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় ১০ মেট্রিক টন করে চাল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।