নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলায় বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের দক্ষিণ নোয়াখলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তা নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বুলবুলের স্ত্রী। নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর ৫টার দিকে বাড়ির পাশের পুকুর ঘাটে অজু করতে গিয়েছিলেন ফৌজিয়া আক্তার মুক্তা। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতে গুরুতর আহত হয়ে তিনি পুকুর পাড়েই অচেতন অবস্থায় পড়েছিলেন। পরিবারের সদস্যরা সকাল ৯টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।