পদ্মায় পানি বৃদ্ধি: নড়িয়া-জাজিরা তীর রক্ষা প্রকল্পের ৩ ইয়ার্ড প্লাবিত
পদ্মা নদীর পানি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার সকাল থেকে ওই পয়েন্টে পদ্মার পানি ৪৭৭ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের তিনটি স্থানে সিসি ব্লক নির্মাণ ইয়ার্ড প্লাবিত হয়েছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পে ব্যবহারের জন্য সিসি ব্লক নির্মাণ হচ্ছে নদীর তীরবর্তী ১০টি স্থানে।
পদ্মায় পানি বেড়ে যাওয়ায় নড়িয়ার ঈশ্বরকাঠি, শেহের আলী মাদবরকান্দি ও চেরাগ আলী ব্যাপারিকান্দি এলাকায় নদী তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। এই তিন এলাকায় সিসি ব্লক নির্মাণের তিনটি ইয়ার্ড প্লাবিত হওয়ায়, এই তিন স্থানে কাজ বন্ধ আছে।
সাত দিন আগে ওই ইয়ার্ড তিনটি বন্ধ করে প্রায় ৩০০ শ্রমিককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, পদ্মায় পানি বৃদ্ধিতে নদীতে স্রোত বেড়েছে। স্রোতের কারণে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জাজিরার ৩৭টি স্থানে, নড়িয়ার ১২টি স্থানে, ভেদরগঞ্জের ২২টি স্থানে, গোসাইরহাটের ১৪টি স্থানে ও সদর উপজেলার পদ্মার শাখা নদী কীর্তিনাশা নদীর ১৫টি স্থানে বালু ভর্তি জিওব্যাগ ও জিওটিউব ফেলা হচ্ছে।