ফেনীতে মুহুরী নদীতে ভাঙন, ৯ গ্রাম প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বাঁধ ৩ স্থানে ভাঙনের ফলে সেখানকার ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে মুহুরীর পানি বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সোমবার সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য জানিয়েছে।

প্লাবিত গ্রামগুলো হচ্ছে—ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, দেড়পাড়া, নিলক্ষী, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, বৈরাগপুর ও দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া ও বসন্তপুর।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২ দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির চাপে বেড়িবাঁধের ৩টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

পাউবো ও স্থানীয়রা জানায়, আজ সকাল সকাল ৭টার দিকে প্রথমে মুহুরী নদীর বেড়িবাঁধের উত্তর দৌলতপুরে সেকান্দর মাস্টার বাড়ির পাশে ভাঙন শুরু হয়। এরপর বাঁধের দেড়পাড়া এলাকায় ও দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া ড্রাম এলাকায় বেড়িবাঁধের ভাঙন দেখা দেয়। পানির গতিবেগ বেড়ে যাওয়ায় ভাঙনস্থানও বড় হতে থাকে।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সেলিম দ্য ডেইলি স্টারকে জানান, বেড়িবাঁধে ভাঙনের ফলে তার ইউনিয়নের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানি অব্যাহতভাবে প্রবেশ করতে থাকায় আশেপাশের নতুন নতুন গ্রামও প্লাবিত হতে শুরু করেছে।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'মুহুরী নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর কর্মকর্তারা ভাঙনরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।'