বন্যা ২ দিনে চলে যাবে আমরা এখনো সে রকম লক্ষণ দেখছি না: সেনা প্রধান

নিজস্ব সংবাদদাতা, সিলেট

দেশে বন্যা পরিস্থিতি আরও কিছুটা দীর্ঘায়িত হতে পারে জানিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ রোববার সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদশ সেনাবাহিনীর উদ্ধার অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে সিলেট আসেন তিনি। এ সময় তিনি হাইটেক পার্ক এলাকায় আশ্রয় নেওয়া বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

সেনা প্রধান বলেন, 'এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এটা বহু বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এ বিপর্যয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যেটা কাটিয়ে উঠতে আমরা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করছি।'

তিনি বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সরকারের সমস্ত অর্গান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি যে সেনা মোতায়েন করা হয়েছে তারা যে কষ্ট করে দুর্গম এলাকায় গিয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করা, খাবার ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছেন তা দেখতে। এছাড়া তাদের আর কী সহযোগিতা আমি সেনাসদর থেকে করতে পারি, যাতে করে এই অপারেশন আরও সুন্দর ও সাফল্যমণ্ডিতভাবে করতে পারে।'

জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আরও বলেন, 'শুধু সিলেট না, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা, সাভার থেকে ফোর্স ও অন্যান্য সরঞ্জামাদি পাঠাচ্ছি; খাদ্য ও চিকিৎসা সাহায্য নিজেদের রিসোর্স থেকে দিচ্ছি।'

বন্যা ২ দিনে চলে আমরা এখনো সে রকম লক্ষণ দেখছি না। হয়তো একটু সময় নেবে। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পরও অনেক ক্ষতি আমাদের মাঝে রেখে যাবে। বন্যা পরবর্তী সময়ে অনেক কার্যক্রম আমাদের আছে, সেগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সবাই মিলে কাজ করলে এই দুর্যোগ আমরা মোকাবিলা করতে পারবো। আমি বলেছি সেনা সদস্যদের সর্বাত্মকভাবে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে—বলেন শফিউদ্দিন আহমেদ।