বিপৎসীমার কাছাকাছি যমুনার পানি
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে যমুনা নদীর পানি। উজানের ঢলে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও, বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা নেই।
আজ শনিবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য জানিয়েছে।
এদিকে, নদীতে পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের চরাঞ্চল ও নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যমুনা নদীর পানি শনিবার সকালে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে ১৩ দশমিক ০৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার মাত্র ১৮ সেন্টিমিটার নিচে।'
'একই সময়ে যমুনার পানি কাজিপুর পয়েন্টে ১৫ দশমিক ০৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং এটিও বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে,' বলেন তিনি।
তিনি জানান, গত ১৩ আগস্ট থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। প্রতিদিন ১৫ থেকে ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাচ্ছে।
পানি বৃদ্ধি আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানান নাসির।
প্রকৌশলী নাসির উদ্দিন আরও জানান, পানি বৃদ্ধি এভাবে অব্যাহত থাকলে আগামী দুয়েক দিনের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা আছে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কা না করলেও নদীতে পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী সিরাজগঞ্জের সদর উপজেলা, কাজিপুর উপজেলা, চৌহালি উপজেলা, বেলকুচি উপজেলা ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা।