মানিকগঞ্জে শতাধিক বাড়িতে জলাবদ্ধতা, যমুনার শাখা নদীতে পানি বাড়ছে

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় নতুন করে উচ্চতা না বাড়লেও শাখা নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। কালীগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালী ও ইছামতী নদীতে পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

আজ মঙ্গলবার শিবালয় উপজেলা ঘুরে দেখা যায়, আরিচা ঘাট এলাকায় পয়ঃনিষ্কাশনের ড্রেনের মাধ্যমে পানি প্রবেশ করে নতুনপাড়া গ্রামের শতাধিক বাড়ির আঙিনায় হাঁটু পানি জমে গেছে। তলিয়ে গেছে অনেক সড়ক। গ্রামের পথগুলো সরু হওয়ায় নৌকায় চলাচল করা যাচ্ছে না।

যমুনার পানি বেড়ে যাওয়ায় আরিচা ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, 'গত ২৪ ঘণ্টায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বাড়েনি। তবে অভ্যন্তরীণ সব নদীতেই পানি বাড়ছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপশি নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।'