যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি, সিরাজগঞ্জের ৫ উপজেলায় জলাবদ্ধতা
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি এসে অপরিবর্তিত আছে। সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে যমুনা ১৩ দশমিক ৩২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার মাত্র তিন সেন্টিমিটার নিচে এবং কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচে ১৫ দশমিক ১২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৩ আগস্ট থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। উজানের ঢলে পানি বৃদ্ধির সঙ্গে অতিবৃষ্টির কারণে নদীতে পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে স্থিতিশীল আছে।
তবে, পানি দুই-তিন দিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এদিকে, নদীতে পানি অপরিবর্তিত থাকায় সিরাজগঞ্জের চরাঞ্চল ও নিচু এলাকার মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজিপুর উপজেলা, চৌহালি উপজেলা, বেলকুচি উপজেলা ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
জানতে চাইলে সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলা থেকে এখনও বন্যার ক্ষয়ক্ষতির কোন হিসাব পাওয়া যায়নি। কত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তারও কোন হিসাব নেই।'
'তবে, পর্যাপ্ত ত্রাণ মজুত আছে। প্রয়োজন হলে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে,' বলেন তিনি।