যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, ফসল নষ্টের আশঙ্কায় কৃষক
টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ, তলিয়ে গেছে এসব এলাকার ধান, সবজি ও বীজতলাসহ ফসলি জমি।
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণের ফলে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলায় যমুনার শাখা ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার এবং ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যমুনা নদীর পানি আগামী ২৯ আগস্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এতে নদী তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
এদিকে বন্যার পানি প্রবেশ করতে শুরু করায় ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। জেলার নদী তীরবর্তী সদর, কালিহাতী, নাগরপুর, ভূঞাপুর, বাসাইল এবং মির্জাপুর উপজেলার কৃষকদের কপালে দুশ্চিন্তা বেড়েছে।
জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নারগিস আক্তার জানান, বন্যা দীর্ঘমেয়াদী না হলে এবং দ্রুত পানি নেমে গেলে ফসলের মাঠে প্রবেশ করা পানি কৃষকের ক্ষতির কারণ না হয়ে আর্শীবাদ হতে পারে।
তবে, বন্যায় ফসলি জমির ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।