১০ জেলায় স্বল্প মেয়াদি বন্যার সম্ভাবনা, সপ্তাহজুড়েই থাকবে বৃষ্টি

স্টার অনলাইন রিপোর্ট

দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও ‍উত্তর মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা দেখা দিতে পারে।

আজ শনিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জমান ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে। কখনো কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বেসিন হিসেবে প্রায় ১০ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গায় স্বল্প মেয়াদি এবং কোথাও কোথাও মধ্য মেয়াদি বন্যা হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, চলতি মাসের তৃতীয় সপ্তাহে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও ‍উত্তর মধ্যাঞ্চলের নদ-নদীর পানির সমতল বেড়ে যেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ ডেইলি স্টারকে বলেন, আরও দুই মাস বর্ষা মৌসুম আছে। এ সময় স্বাভাবিক বৃষ্টিপাত হবে, তবে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। বন্যা পরিস্থিতির জন্য বাংলাদেশে বৃষ্টিপাত মাত্র ২০ শতাংশ ভূমিকা রাখে। মূলত আসাম-মেঘালয়-নেপালের দিকে বৃষ্টি বাড়লে উজানের ঢলে স্বল্প মেয়াদি বন্যা দেখা দেয়। ওই দিকে বৃষ্টিপাতে সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কিছু জায়গায় স্বল্প মেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 

তারা আরও জানিয়েছেন, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যার একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে পাঁচ দশমিক এক শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ২৭ জুলাই টেকনাফে সর্বোচ্চ ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর পূর্বভাসে বলছে, আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।