কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

সোমবার সকালে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে জোয়ারের পানির সঙ্গে এটি ভেসে আসে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ধারনা করা হচ্ছে ডলফিনটি ভেসে আসার ৭ থেকে ৮ ঘণ্টা আগে মারা গেছে। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।'

ডলফিনটির মৃত্যুর কারণ জানতে এর নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ডেইলি স্টারকে বলেন, 'ডলফিনটির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে সাগরে জেলেদের জালে আটকে এর মৃত্যু হতে পারে।'