মৌলভীবাজার সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’র পর ভারতীয় নাগরিক আটক: বিজিবি

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কুমারশাইল সীমান্ত এলাকায় সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দলের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম বলাই দাস। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভারতীয় কয়েকজন চোরাকারবারি কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষণ পর সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দল সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

এসময় ওই দলটি বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করেছে বিজিবি। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি জানায়, বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্দেহভাজন চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে বলাই দাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন। পরে তাকে আটক করা হয়।

অভিযুক্ত চোরাকারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে বলেও জানিয়েছে বিজিবি।