আগামীকাল থেকে বিমানের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট

স্টার অনলাইন রিপোর্ট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামীকাল থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। আজ বুধবার বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতি পত্র নিতে হবে এবং অনুমোদিত করনা ‍টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে বলে জানায় বিমান।

বিমান আরও জানায়, ২ বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনের ৩য় ও ৭ম দিনে নিজ খরচে অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে পিসিআর পরীক্ষা করাতে হবে।

সংক্ষিপ্ত সময়ের জন্য সিঙ্গাপুর গেলে যাত্রীদের চাঙ্গি বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হবে এবং এর জন্য আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ও ফি দিতে হবে।