অনুদান নয়, শিল্পীরা বাঁচবে কাজ করে: ইলিয়াস কাঞ্চন
'চলচ্চিত্রের শিল্পীদের অনুদানের টাকায় নয় কাজ করে বাঁচিয়ে রাখতে হবে। সেটাই আমাদের প্রথম কাজ হবে।'
গতকাল রোববার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কেন হয়েছেন সে বিষয়ে কথা বলতেই এই সংবাদ সম্মেলন করেন তিনি।
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন অভিনেত্রী নিপুণ।
ইলিয়াস কাঞ্চন বলেন, 'শিল্পীদের কেন মানুষ দুঃস্থ বলবে? আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নিব। নিপুণরা আমার কাছে এসে বললো, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। বিষয়গুলো আমাকে ভাবিয়েছে।'
তিনি আরও বলেন, 'সরকার আমাদের সিনেমার জন্য কিছু করতে চায়। প্রধানমন্ত্রীর ভালো লাগার একটা জায়গা বিএফডিসি। জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এই এফডিসি। নিপুণরা এসে বলেছে, আপনার মতো মানুষকে আমাদের লাগবে এখানে। তাই নির্বাচন করতে রাজি হয়েছি।'
তিনি আরও বলেন, 'আমার ছেলে জয় বলল, বাবা শিল্পী সমিতি থেকে তোমার তো কিছু নেওয়ার নেই। তুমি যে পর্যায়ে গেছ সেখান থেকে চিন্তা করলে এই সংগঠনের সভাপতি হওয়া তোমার জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছুও না। কিন্তু তুমি তো ওখান থেকেই এসেছ। তুমি দেশের জন্য এতকিছু করছ, যে জায়গা থেকে এসেছো সেই জায়গার মানুষর জন্যও যদি কিছু করে দিতে পার তাহলে তুমি নির্বাচন করো।'
সংবাদ সম্মেলনে চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, নতুন, ইমন, নীরব, সাইমন, প্রযোজক খোরশেদ আলম খোসরু, পরিচালক বদিউল আলম খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।