ঢাবির ছাত্রী হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ছাত্রীদের আবাসিক হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে হলগুলোর গেট রাত ১১টায় বন্ধ হবে।

আজ মঙ্গলবার ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এক মাস ধরে তিনটি পৃথক প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবিগুলোর মধ্যে আবাসিক হলগুলোতে ২৪ ঘণ্টা প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে এ আন্দোলন শুরু হয়।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

এরপরও তারা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন।

গতকাল সিন্ডিকেটের সভা চলাকালে তিনটি প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। হলের প্রবেশের ওপর প্রস্তাবিত বিধিনিষেধ পরিবর্তনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।