নোংরামি সহ্য হচ্ছে না, আমিও পদত্যাগ করতে পারি: অরুণা বিশ্বাস

স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নায়ক রুবেল ও নায়িকা রোজিনার পদত্যাগের পর এবার অরুণা বিশ্বাসের পদত্যাগের গুঞ্জন।

তবে গুঞ্জন নাকি সত্যিই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, তা জানতে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা হয় অরুণা বিশ্বাসের।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, 'নোংরামি সহ্য হচ্ছে না। আমিও পদত্যাগ করতে পারি। আজকের দিনটি দেখব। তারপর সিদ্ধান্ত নেবো।'

অরুণা বিশ্বাস বলেন, 'আমরা শিল্পী মানুষ। মানুষের ভালোবাসা আছে আমাদের প্রতি। কিন্তু কিছু কাজের জন্য মানুষ সমালোচনা করছেন। এত নোংরামি ভালো লাগছে না।'

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এটা তো জাতীয় নির্বাচন নয়? একটি সমিতির নির্বাচন। এটা নিয়ে এত কিছু কেন?'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সামনে অনেক কাজ আছে। কাজ দিয়েই টিকে থাকতে হবে। আমাকে শিল্পী বানিয়েছে চলচ্চিত্র এবং আমার কাজ। সমিতি বানায়নি।'

'সামনে অনেক কাজ আছে। দেশের বাইরে যেতে হবে। সেজন্য সমিতিতে সময় দিতে পারাটা কঠিন হবে। এ জন্য পদত্যাগ করতেও পারি,' বলেন তিনি।

অরুণা বিশ্বাস সম্প্রতি তার পরিচালিত 'অসম্ভব' সিনেমার শুটিং শেষ করেছেন। তার পরিচালনা করা প্রথম সিনেমা এটি। সরকারি অনুদানে নির্মিত 'অসম্ভব' সিনেমার ডাবিং শুরু হবে শিগগিরই।