পরীমনির যেসব সিনেমার শুটিং পিছিয়ে যাচ্ছে

স্টার অনলাইন রিপোর্ট

ঢালিউড অভিনেত্রী পরীমনি মা হতে চলেছেন—এমন সংবাদ প্রকাশ্যে আসার পর অনিশ্চিত হয়ে পড়েছে বেশ কয়েকটি সিনেমার শুটিং।

গতকাল পরীমনির স্বামী অভিনেতা রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরীমনি আগামী ১ বছরের বেশি সময় কাজের বাইরে থাকবে।'

চলতি মাসেই পরীমনির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অরণ্য আনোয়ার পরিচালিত 'মা' সিনেমায়। এই সিনেমার শুটিং আগেই শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে পরীমনির অংশ নেওয়ার কথা ছিল।

রাশিদ পলাশ পরিচালিত 'প্রীতিলতা' সিনেমার শেষভাগের শুটিং করার কথা ছিল আগামী কিছুদিনের মধ্যে। এ ছাড়া চয়নিকা চৌধুরী পরিচালিত নতুন একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার।

পরীমনি ও শরিফুল রাজ প্রায় ৪ মাস আগে সম্পর্কে জড়ান। এরপর দুজনের ভালোলাগা, ভালোবাসা—অবশেষে গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন। গতকাল ১০ জানুয়ারি অনাগত সন্তানের কথা জানিয়েছেন পরীমনি ও রাজ।