রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের গানের একসন্ধ্যা

স্টার অনলাইন রিপোর্ট

দীর্ঘ ২ বছর পর রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের একক সংগীতানুষ্ঠান হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

গান ও কিছু প্রাসঙ্গিক কথামালা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এর আয়োজন করছে 'আমরা সূর্যমুখী' নামের একটি সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ বিষয়ে অণিমা রায় দ্য ডেইলি স্টারকে বলেন, '২ বছর আমরা করোনায় বন্দি ছিলাম। এর মাঝে আমি আমার বাবাকেও হারিয়েছি। সবমিলিয়ে আবারও নতুন করে বাঁচার এক চেষ্টাই যেন এই উদ্যোগ।'

তিনি আরও বলেন, 'নতুন করে বাঁচার চেষ্টায় প্রাণ সঞ্চার করতে চাই এবারের একক অনুষ্ঠানে। আর এবারের আয়োজনটি মূলত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে। তাই কয়েকভাগে সাজিয়েছি গানের পর্ব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।'