‘স্টেজে ফিরেছি এটাই খুশির খবর’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি অর্জন করেন সংগীত শিল্পী সালমা। গানের সঙ্গেই তার বসবাস।

সাম্প্রতিক ব্যস্ততা, দীর্ঘদিন পরে স্টেজে ফেরাসহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

salma.jpg
সালমা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

অনেক স্টেজ শো করতেন আপনি। স্টেজে ফেরার কোনো সুখবর আছে কী?

বিরতির পর গত সেপ্টেম্বরের শেষে প্রথম স্টেজ পারফরমেন্স করেছি ঢাকার বাইরের একটি খোলা মাঠে। গানের মানুষ হিসেবে, সংগীত শিল্পী হিসেবে সত্যিই দিনটি ভীষণ আনন্দের ছিল। অনেকদিন তো ঘরে কাটালাম। আগামী ৪ নভেম্বর যশোরে শো আছে।

টেলিভিশন চ্যানেল, মিউজিক ভিডিও, প্লেব্যাক নাকি স্টেজে গান করতে বেশি ভালো লাগে?

অবশ্যই স্টেজে গান করতে বেশি ভালো লাগে। স্টেজে সরাসরি দর্শকদের রিঅ্যাকশন পাওয়া যায়। এর চেয়ে ভালো আর কী হতে পারে? তাদের ভালোলাগার প্রকাশটা সরাসরি দেখতে পাই।

salma.jpg
সালমা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

দেশ-বিদেশে প্রচুর শো করেছেন। শ্রোতারা কী ধরণের গান বেশি শুনতে চায়?

ফোক গান। আমি মৌলিক গানই করি। তারপরও ফোক গানের অনুরোধ বেশি পাই।

গানকে কীভাবে সংজ্ঞায়িত করবেন?

গান আমার কাছে সাধনা। সাধনা না করলে গান সম্ভব নয়। গান আমার সবকিছু। গানের জন্যই আজকের আমি। দেশের যেখানেই যাই গানের জন্যই মানুষ আমাকে চেনেন, ভালোবাসেন। বিদেশেও তাই।

অনেক নতুন শিল্পী এসে কিছুদিন পরেই হারিয়ে যান কেন?

১৫ বছরেরও বেশি সময় ধরে গান করছি। প্রতিনিয়ত চর্চা করছি, শিখছি। কাজের প্রতি ভালোবাসা না থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকেই।

salma.jpg
সালমা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

নতুন কোনো গান গাইছেন?

অনেকগুলো নতুন গান গেয়েছি, আরও কয়েকটি নিয়ে কাজ চলছে। সম্প্রতি ময়নার বিয়ে' শিরোনামের সিলেটের আঞ্চলিক ভাষার একটি নতুন গান গাইলাম। অভিনেতা ফজলুর রহমান বাবু ভাইয়ের সঙ্গে একটি গান গাইলাম, সিনেমার গানে কণ্ঠ দিচ্ছি।

গান নিয়ে পরিকল্পনা কী?

গানের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। এমন কিছু গান করে যেতে চাই, যার জন্য মানুষ সারাজীবন আমাকে মনে রাখবেন। সেভাবেই পথ চলছি। বাকিটা সৃষ্টিকর্তার আশীর্বাদ।