ট্রাম্পকে নিয়ে ইরানে ব্যতিক্রমী কার্টুন প্রতিযোগিতা

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তাঁর দেশ ও দেশের বাইরে আগ্রহের অন্ত নেই। এমনই আগ্রহের জায়গা থেকে ইরানে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক প্রতিযোগিতা।

রাজধানী তেহরানে ৩ জুলাই অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ট্রাম্পিজম কার্টুন ও ক্যারিকেচার প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রসহ ৭৪টি দেশের ১,৬১৪ জন শিল্পী অংশ নেন এই প্রতিযোগিতায়।

ইরানের হাদি আসাদি এ প্রতিযোগিতায় প্রধান বিজয়ী হয়ে অর্জন করেন ১৫শ মার্কিন ডলার। হাদির কার্টুনে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চুলগুলো আগুনের শিখার মতো জ্বলছে। সেই আগুনের ধোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে বিশ্ব মানচিত্র। এছাড়াও, প্রেসিডেন্টের পড়নে রয়েছে ১০০ ডলার মূল্যের বিলের পোশাক এবং তাঁর সামনে বইয়ের স্তূপ।

সংবাদমাধ্যমকে হাদি বলেন, “আমি চেয়েছি ট্রাম্পকে একটি দমনমূলক সংস্কৃতির প্রতীক হিসেবে তুলে ধরতে।” কার্টুনটি তিনি কলমে এঁকেছেন এবং এটি আঁকতে দুই সপ্তাহের বেশি সময় লেগেছিল বলেও তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চারজন মার্কিন কার্টুনিস্টের মধ্যে দুজনকে পুরস্কৃত করা হয়েছে।

প্রতিযোগিতার পরিচালক আলি-আসগর জাফরি জানান, “ট্রাম্পের ব্যবহারেই বোঝা যায় কেন ইরান আমেরিকাকে বিশ্বাস করে না। যাহোক, তাঁর ব্যবহারটি তুলে ধরতে আমরা শিল্পের আশ্রয় নিয়েছি।”