রাজশাহীতে ৪ কেজি ‘গানপাউডার’ জব্দ, গ্রেফতার ২

গানপাউডার নিয়ে ঢাকায় আসছিলো ধৃতরা
স্টার অনলাইন রিপোর্ট

গতরাতে রাজশাহীতে একটি বাস থেকে চার কেজি গানপাউডার জব্দ করেছে পুলিশ। ঢাকাগামী বাসটি থেকে গানপাউডার বহনকারী দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল লতিফ (৩৫) ও মোহাম্মদ শাকিরুল (৩৬)। এদের মধ্যে লতিফের বাড়ি কুমিল্লায় ও শাকিরুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলম তাদের পরিচয় নিশ্চিত করেছেন বলে আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, শহরের শিরোইলে তল্লাশি চৌকিতে শ্যামলি পরিবহনের একটি বাস থেকে গানপাউডারসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পাউডার সদৃশ যে জিনিসগুলো তারা বহন কছিলেন সেগুলো গানপাউডার বলে তারা স্বীকার করেছেন।

ইফতেখার আলম বলেন, ব্যাগের ভেতর একটি পলিথিনের প্যাকেটে বিভিন্ন রঙয়ের গানপাউডার পাওয়া যায়।

ধৃত দুই জনকে গত রাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক উদ্ধারের জন্য আজ সকালে অভিযানে নামে, যোগ করেন তিনি।

Click here to read the English version of this news