উত্তর প্রদেশে কানোয়ার যাত্রা বাতিল করল যোগী সরকার
করোনা মহামারির মধ্যে শনিবার কানোয়ার সংঘের সঙ্গে বৈঠকের পর যোগী আদিত্যনাথ প্রশাসন উত্তর প্রদেশে এ বছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে।
এর আগে, শুক্রবার সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারকে রাজ্যে চলতি বছর ‘প্রতীকী’ কানোয়ার যাত্রার অনুমতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন। এর ঠিক একদিন পর এই ঘোষণা এলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
শনিবার কানোয়ার সংঘের সঙ্গে বৈঠকে উত্তরপ্রদেশ প্রশাসনের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্থি এবং পুলিশ মহাপরিচালক মুকুল গোয়েল।
বৈঠক শেষে তারা জানান, করোনার সম্ভাব্য তৃতীয় তরঙ্গের দিকে নজর রেখেছে ভারত। তাই এসময়ে কানোয়ার যাত্রাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এ বছরের কানোয়ার যাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ কর্তৃপক্ষকে ১৯ জুলাইয়ের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলেছিল। উত্তরপ্রদেশ প্রশাসন সোমবার সুপ্রিম কোর্টকে তাদের সর্বশেষ সিদ্ধান্তের কথা জানাবে।
এসময় রাজ্য সরকার কানোয়ার ভক্তদের গঙ্গা নদী থেকে জল বণ্টনের পরিকল্পনা শীর্ষ আদালতকে অবহিত করতে পারে।
করোনা মহামারির কারণে ইতোমধ্যে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশা এ বছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে।