করোনা টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লী

ভারতের সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, করোনাভাইরাসের টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না।

বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে যদিও ভারত সরকার স্পষ্ট করেছিল যে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়নি। তবে টিকা দেওয়ার হার ১০০ শতাংশ হওয়া উচিত বলে সরকার বিভিন্ন সময় উল্লেখ করেছে।

আদালত বলেন, 'সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকের তার শরীরের ওপর কর্তৃত্ব ও অখণ্ডতার অধিকার সুরক্ষিত করা আছে।'

একই আদেশে আদালত করোনা শনাক্তের হার কম থাকলে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর পাবলিক প্লেসে অবস্থানের বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ না করার পরামর্শ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট বলেন, 'প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে বর্তমান করোনা ভ্যাকসিন নীতিকে স্পষ্টভাবে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক বলা যাবে না।'

আদালত বলেন, 'শনাক্তের হার কম থাকলে আমাদের পরামর্শ প্রাসঙ্গিক বিধিনিষেধ অনুসরণ করা। তবে টিকা না নিলেও পাবলিক প্লেসে প্রবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না।'

এছাড়া আদালত সরকারকে ভ্যাকসিন গ্রহণের পর প্রতিকূল প্রতিক্রিয়ার তথ্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করারও নির্দেশ দিয়েছেন।

টিকাদান সম্পর্কিত ভারতের জাতীয় পরামর্শক কমিটির সাবেক সদস্য ডা. জ্যাকব পুলিয়ালের করা একটি আবেদনের শুনানিতে আদালত এসব আদেশ দেন।

টিকা গ্রহণের পর প্রতিকূল প্রতিক্রিয়ার বিষয়ে তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে তিনি এ আবেদন করেছিলেন।