জাতীয় সঙ্গীত ‘অবমাননা’, মমতার বিরুদ্ধে মুম্বাই আদালতের সমন জারি
গত মাসে ভারতের মুম্বাইয়ের এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
বিজেপি সদস্য বিবেকানন্দ গুপ্তর করা অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে এ সমন জারি করা হয় বলে আজ বুধবার ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মমতাকে ২ মার্চ হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পিআই মোকাশি আদেশে বলেছেন, 'অভিযোগ, অভিযোগকারীর ভ্যারিফিকেশন বিবৃতি, ডিভিডির ভিডিও ক্লিপ এবং ইউটিউব লিঙ্কের ভিডিও ক্লিপগুলো থেকে প্রাথমিকভাবে এটি স্পষ্ট যে, অভিযুক্ত ব্যক্তি জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হঠাৎ থেমে যান এবং ডায়াস ছেড়ে চলে যান। এ থেকে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, অভিযুক্ত প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১-এর ধারা ৩ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।'