টানা ১৭ দিন ভারতে করোনা শনাক্তের হার ৩ শতাংশের নিচে
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৪২ শতাংশ। একটানা ১৭ দিন ধরে দেশটিতে করোনা শনাক্তের হার ৩ শতাংশের নিচে রয়েছে।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ হাজার ৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৪৪ হাজার ২৯১ জন। সুস্থ্যতার হার বেড়ে হয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, শনাক্তের হার থেকে কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা, তা বোঝা যায়। টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতের চিকিৎসা ব্যাবস্থা বিপর্যস্ত হওয়ার পর দেশটিতে এখন ব্যাপক গণটিকা কার্যক্রম চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে আজ পর্যন্ত মোট ৩৬ কোটি ৪৮ লাখ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ কোটি ৫২ লাখ নমুনা।