তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ১১ জনের মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে মন্দিরের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন।

আজ বুধবার ভোররাতে তামিলনাড়ুর তানজাভু জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।  

পুলিশ জানায়, কালিমেডুর আপ্পার মাদাম মন্দিরের রথযাত্রাটি একটি হাই-ট্রান্সমিশন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ুতে প্রতি বছর হাজার হাজার ভক্ত বার্ষিক রথ উৎসবে অংশ নেয়। দুর্ঘটনায় রথযাত্রার সতর্কতামূলক ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি নিহতের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেন।