দিল্লি ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের দিল্লি ইউনিভার্সিটিতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ও দিল্লি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

আজ সোমবার আইসিসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

আইসিসিআর মহাপরিচালক দিনেশ কে পাটনায়েক বলেন, ‘আমরা আরও অনেক কিছু করব। তবে, আমরা একটি গুরুত্বপূর্ণ দেশ দিয়ে শুরু করতে চেয়েছি। বিশেষ করে এ বছর যখন আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি তখন বাংলাদেশের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে?’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা তার বক্তব্যে বলেন, ‘আমি আশা করি আমরা খুব শিগগির চেয়ারটির জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাব।’

দিল্লি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি জোশী বলেন, ‘আমাদের সবার জন্য আদর্শ নায়ক এবং স্বাধীনতা, গণতন্ত্রের প্রতীক বঙ্গবন্ধুর নামে চেয়ার স্থাপন করা একটি ঐতিহাসিক মুহূর্ত।’

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের উন্নয়নকে আরও ভালোভাবে বোঝা এবং এর মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী করার উদ্দেশ্যে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করা হচ্ছে।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় করা একটি সমঝোতার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হলো।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি পরিচালিত হবে বাংলাদেশ বিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা, যিনি মূলত বাংলাদেশি বংশোদ্ভূত হবেন। ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হবে।