পশ্চিমবঙ্গে ৩ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে
ভারতের পশ্চিমবঙ্গের স্কুল-কলেজগুলো আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবার চালু করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।
৩ ফেব্রুয়ারির কথা উল্লেখ করে তিনি বলেন, 'ওই দিন থেকে স্কুলের ৮ম থেকে দ্বাদশ শ্রেণী এবং কলেজ, বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলো খুলে দেওয়া হবে।'
তবে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান তিনি।
মমতা বলেন, রাজ্যে করোনা পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। এর কারণে কিছুটা শিথিলতা দেওয়া হচ্ছে।
এদিকে, কর্ণাটক ও ত্রিপুরার স্কুলগুলো আজ থেকেই আবার চালু হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা রাজ্যে আগামীকাল থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
করোনা মহামারির ২০২০ সালের ১৬ মার্চ পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে গত বছরের নভেম্বরে স্কুল খুলে দেওয়া হলেও, করোনা সংক্রমণ বাড়ায় এ বছরের ২ জানুয়ারি আবার সেগুলো বন্ধ করে দেওয়া হয়।