‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা হতে যাচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতে
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে দিল্লি ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)।
আইসিসিআরের মহাপরিচালক শ্রী দীনেশ কে পটনায়েক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি এ বিষয়ে আগামী ১২ জুলাই একটি সমঝোতা স্মারকে সই করবেন।
পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে বলে আজ শনিবার আইসিসিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় করা একটি সমঝোতার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী বাংলাদেশের উন্নয়নকে আরও ভালভাবে বোঝা এবং এর মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক বিনিময় শক্তিশালী করা।
‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি পরিচালিত হবে বাংলাদেশ বিষয়ক বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা, যিনি মূলত বাংলাদেশি বংশোদ্ভূত হবেন। এর মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানর মতো বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন।