বেইজিং শীতকালীন অলিম্পিক: উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে না ভারত

স্টার অনলাইন ডেস্ক

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে না ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনাকে শীতকালীন অলিম্পিকের মশাল বাহক হিসেবে মর্যাদা দিয়েছে চীন। ক্রীড়াবিদদের পরিবর্তে ভারতের ওপর হামলাকারী এক সেনাকে অলিম্পিকের মশাল বাহক করায় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনে থাকা ভারতীয় রাষ্ট্রদূত বা কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেবেন না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা এই বিষয়ে প্রতিবেদনগুলো দেখেছি। এটা সত্যিই দুঃখজনক যে চীন অলিম্পিকের মতো একটি আয়োজনকে রাজনীতিকরণ করছে। আমি জানাতে চাই যে বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের কেউ শীতকালীন অলিম্পিক ২০২২-এর উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন না।'

২০২০ সালের মে মাসে গালওয়ান সীমান্তে ভারত ও চীনের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। ওই সংঘর্ষে ৪০ জনের বেশি চীনা সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।