ভারতে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত বেড়ে ২১ শতাংশ
একদিনের ব্যবধানে ভারতে করোনা রোগীর সংখ্যা বেড়েছে ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন। একই সময়ে মারা গেছেন ২৮৪ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়াও, গত নভেম্বরে প্রথম শনাক্তের পর দেশটিতে প্রায় ১ হাজার ৫২৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র ও দিল্লিতে। তাদের মধ্যে ৫৬০ জন সুস্থ হয়েছেন।
এখন পর্যন্ত ২৩ রাজ্যে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ৪৬০ জন ও দিল্লিতে ৩৫১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় গুজরাটে ওমিক্রনে ২১ জন আক্রান্তসহ রাজ্যটিতে মোট রোগীর সংখ্যা ১৩৬ জনে দাঁড়িয়েছে। তামিলনাড়ু ও কেরালায় যথাক্রমে ১১৭ ও ১০৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
দিল্লিতে গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৬ জন।
হরিয়ানা রাজ্যে সংক্রমণ প্রতিরোধে সিনেমা হল ও স্পোর্টস কমপ্লেক্স বন্ধ রাখা হয়েছে। রাজ্যটিতে ১২ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২ দশমিক ৫৫ শতাংশ।