চট্টগ্রামে আসামি গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে ৩ পুলিশসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আসামি মোহাম্মদ মহিউদ্দিন (২৮) হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেলেও পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

গতকাল রোববার রাত ১১টার দিকে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উত্তর কালডেঙ্গার শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিন স্থানীয় আব্দুল মান্নানের দায়ের করা একটি সিআর মামলার আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে পুলিশের একটি দল মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে যায়। এ সময় মামলার বাদীও উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের চেষ্টার সময় ধস্তাধস্তি শুরু হয়, এতে মামলার বাদী এবং তিন পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই আব্দুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) এবং কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। তারা রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। এর মধ্যে জেবল হোসেন (২৩) চরণদ্বীপ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য। আরেকজনের নাম জানা যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার পরিবারের নারী সদস্যরা পুলিশ সদস্যদের হাতে কামড় দেন এবং আঁচড়ে দেন।

ওসি আরও জানান, পুলিশ মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে এবং তার আত্মীয় গ্রাম পুলিশের সদস্য জেবল হোসেনসহ দুজনকে আটক করেছে।

তিনি জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।