ভারতে একদিনে দেওয়া হচ্ছে প্রায় ৩৬ লাখ ডোজ টিকা
ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রায় ৩৭ কোটি ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে গত ২১ জুন থেকে শুরু হওয়া গণ টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ৩৬ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৩৫২ ডোজ বিনামূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত একদিনে দেশটিতে ৩৬ লাখ আট হাজার ৯৪০ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৩৮৯ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৪৭ জনকে। এখন পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ১১ কোটি ১৫ লাখেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।
তবে, টিকা দেওয়ার সময় কিছু ডোজ অপচয়ও হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ভারতে বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে, প্রতি মাসে তার ৭৫ শতাংশ কেন্দ্রীয় সরকার সংগ্রহ করছে। এই টিকাগুলো ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে বিনামূল্যে সরবরাহ করছে।
ভারতে ১৮-৪৪ বছর, ৪৫-৫৯ বছর ও ষাটোর্ধ্ব, এই তিনটি গ্রুপে বিভিন্ন বয়সীদের গণ টিকাদান কর্মসূচি চলছে। এ ছাড়া, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারীর কর্মীদের টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি সাত লাখ নয় হাজার ৫৫৭ জন ও মারা গেছেন চার লাখ পাঁচ হাজার ৫৭ জন।