ভারতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত: রাজ্যগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি

ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্তের পর সব রাজ্য সরকারকে রোগটির সংক্রমণ রোধ ও এর মোকাবিলায় হাসপাতাল, জনস্বাস্থ্য কেন্দ্রগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সব রাজ্য সরকারের কাছে আবারও মাঙ্কিপক্স মোকাবিলায় নির্দেশিকা পাঠিয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় মাঙ্কিপক্স শনাক্তে পর্যবেক্ষক দল গঠন, হাসপাতালে কর্মরত ডাক্তারদের মাঙ্কিপক্সের সাধারণ উপসর্গ সম্পর্কে সচেতন করা, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, কনট্যাক্ট ট্রেসিংয়ের কথা উল্লেখ রয়েছে।

এ ছাড়া অন্য দেশ থেকে ভারতে প্রবেশের সময় ও আক্রান্তের সংস্পর্শে আসা রোগীর স্বাস্থ্যপরীক্ষা এবং সুস্থ না পর্যন্ত রোগীদের আইসোলেশনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় ওই রোগীকে শনাক্ত করা হয় বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন।