চকবাজারের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার
পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজার ষষ্ঠ তলায় লাগা আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত তা পুরোপুরি নির্বাপণ করা যায়নি।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগুন পুরোপুরি নেভাতে এখনো ১০টি ইউনিট কাজ করছে।’
গতকাল সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে ভবনটির ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর কাজে পরে একটি স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিটও যোগ দেয়।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সোমবার দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের জানান, আগুন নেভানোর কাজে প্রায় ১৫০ জন ফায়ারফাইটার অংশ নেন।
তিনি বলেন, সরু রাস্তা ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়তে হয়। ঘটনাস্থলে বড় অগ্নিনির্বাপণ গাড়ি ও পানিবাহী যান নেওয়া কঠিন ছিল। এছাড়া ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কতটি দোকান বা গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মাহমুদুল হাসান জানান, ভবনের ভেতরে অতিরিক্ত ধোঁয়ার কারণে দুই ফায়ারফাইটার অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে চার ফায়ারফাইটার ও কর্মকর্তা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে আছেন। তারা হলেন, পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।